শামারুখের লাশ উত্তোলন বুধবার, মামলা সিআইডিতে
দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবিনের লাশ কবর থেকে তোলা হচ্ছে বুধবার।
এদিকে শনিবার মামলার তদন্তভার সিআইডিকে হস্তান্তর করা হয়েছে।
শামারুখের পরিবার ও পুলিশ বিষয়টা নিশ্চিত করেছে।
গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির বাসভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামারুখকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ২৩ নভেম্বর প্রকাশিত প্রথম ময়না তদন্ত প্রতিবেদনে শামারুখ আত্মহত্যা করেছেন বলে বলা হয়।
শামারুখের বাবা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাবেক প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, “আমার আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর মামলাটি তদন্তের ভার সিআইডিতে ন্যস্ত করেছে। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা হিসেবে সিআইডির এএসপি মুন্সী রুহুল কুদ্দুসকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমাকে জানিয়েছেন স্পেশাল সুপার আবদুল কাহহার আখন্দ।
“তদন্ত কর্মকর্তার নেতৃত্বে সিআইডির টিম মঙ্গলবার যশোর আসছে। পরদিন (বুধবার) শামারুখের লাশ উত্তোলন করে দ্বিতীয় দফা ময়না তদন্ত করা হবে।”
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বুধবার সকাল ১০টা-সাড়ে ১০টার দিকে লাশ উত্তোলন করা হবে। সিভিল সার্জন সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় কথা বলেছেন।
সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান বলেন, “লাশ উত্তোলনের দায়িত্ব পুলিশের। তারা আসুক। তারপর কী হয় দেখা যাবে।”
আদালতের নির্দেশ অনুযায়ী লাশ উত্তোলন ও ময়না তদন্তের বিষয়ে সিভিল সার্জনসহ তিন সদস্যের কমিটি করার কথা।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, “দেখা যাক কী হয়। বড্ড ঝামেলায় আছি।”
তবে কী বিষয়ে ঝামেলা তা তিনি পরিষ্কার করেননি।
গত ১৩ নভেম্বর রাজধানীর শ্বশুরের ধানমণ্ডির বাসভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ডা. শামারুখ মাহজাবিনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই রাতেই শামারুখের বাবা নূরুল ইসলাম ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (যশোর-৫) খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমিন ও ছেলে হুমায়ূন সুলতান সাদাবকে আসামি করা হয়।
সাদাবকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেয় পুলিশ। টিপু সুলতান ও তার স্ত্রী উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন নেন।
শামারুখের লাশের প্রথম ময়না তদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৩ নভেম্বর প্রকাশিত ময়না তদন্ত রিপোর্টে এটি আত্মহত্যা বলে জানানো হয়।
এর আগে ২০ নভেম্বর প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম আশঙ্কা প্রকাশ করেন, প্রভাবশালী টিপু সুলতান ময়না তদন্ত রিপোর্ট প্রভাবিত করার চেষ্টা করছেন।
ঢাকা মেডিকেলের ময়না তদন্ত রিপোর্ট চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার নূরুল ইসলাম আদালতে যান।
ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশকুমার সাহা ওইদিনই লাশ উত্তোলন করে আবার ময়না তদন্তের নির্দেশ দেন যশোরের সিভিল সার্জনকে।
কবরস্থান সুরক্ষার আবেদন
শনিবার নূরুল ইসলাম নিজের ও ছেলে শাহানুর মো. শরীফের জীবনের উপর হামলার আশঙ্কায় যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
একই দিন তিনি যশোরের কারবালা কবরস্থান পরিচালনা কমিটির আহ্বায়ক এবং পীর নূর বোরহান শাহ হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক বরাবর একটি আবেদন করেন, যাতে আলামত নষ্ট করার জন্য আসামিপক্ষের লোকেরা শামারুখের লাশ গায়েব করতে পারে বলে আশঙ্কা করা হয়। তিনি লাশের সুরক্ষারও আবেদন জানান।
নূরুল ইসলাম আরও জানান, যশোরের পুলিশ সুপার ও কোতোয়ালি থানার ওসির কাছেও তিনি একই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। কারবালা কবরস্থানে পুলিশ দেওয়া হয়েছে।
