২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পাননি শামারুখের স্বামী

চিকিৎসক শামারুখ মেহজাবিন শ্যামা হত্যা মামলায় তার স্বামী হুমায়ুন সুলতান সাদাফের জামিন আবারো নাকচ করে দিয়েছে আদালত।  

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 07:09 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

সোমবার জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইমরুল কায়েস তা নাকচ করে দেন বলে নিশ্চিত করেছেন আদালতের পেশকার ইফতেখার আহমেদ।

হুমায়ুন সুলতান যশোরের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতানের ছেলে।

এর আগে ১৬ নভেম্বর হুমায়ুনের জামিন আবেদন নাকচ করে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাৎ।

গত ১৩ নভেম্বর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে শামারুখের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই টিপু সুলতান, তার স্ত্রী জেমসিন আরা ও হুমায়ুন সুলতানকে আসামি করে হত্যা মামলা করেন শামারুখের বাবা নুরুল ইসলাম।

মামলা হওয়ার পর সাবেক সাংসদের ছেলে হুমায়ুনকে গ্রেপ্তার করা হলেও আত্মগোপনে থাকেন তার বাবা-মা। পরে তারা হাই কোর্ট থেকে আগাম জামিন পান।

শামরুখের লাশ উদ্ধারের পর থেকেই তার পরিবারের পক্ষ থেকে একে ‘হত্যা’ হিসাবে দাবি করা হলে গত ২৩ নভেম্বর দেওয়া ময়না তদন্ত প্রতিবেদনে সুমি আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।

শামারুখের বাবা ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ফের ময়নাতদন্ত করার আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে গত ২৫ নভেম্বর শামারুখের লাশ থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম  বিকাশ কুমার সাহা।

যশোর জেলা প্রশাসককে এ আদেশ কার্যকর করতে বলা হলেও রোববার পর্যন্ত শামারুখের লাশ তোলা হয়নি।।

ময়নাতদন্ত শেষে আদালতে প্রতিবেদন দিতে বলা হলেও যশোরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে আদালতে তা এসে পৌছায়নি।।

যশোর শহরের পুরাতন কসবা এলাকার প্রকৌশলী নুরুল ইসলামের মেয়ে শামারুখ রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

২০১২ সালের ২৬ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাফের সঙ্গে তার বিয়ে হয়।