শার্শায় জেএসসি পরীক্ষার অব্যবহৃত খাতা উদ্ধার
যশোরের শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অব্যবহৃত সাড়ে তিন হাজারের বেশি খাতা ও পরীক্ষার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খাতাগুলো জব্দ করেন বলে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম শরিফুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুর ২টার দিকে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় একটি কক্ষ থেকে কেন্দ্র সচিব শহিদুল ইসলামের হেফাজতে থাকা জেএসসি পরীক্ষার ৩১৮টি মূল খাতা, ৩ হাজার ২৬৮টি অতিরিক্ত খাতা ও ছেঁড়া-ফাটা অবস্থায় অতিরিক্ত খাতার ৭১২টি টপশিট জব্দ করা হয়েছে।
নিয়মানুসারে জেএসসি পরীক্ষা শুরুর আগে বোর্ড থেকে দেওয়া অতিরিক্ত প্রশ্নপত্রসহ অন্যসব কাগজপত্র রোববার ফেরত দিয়ে আসেন কেন্দ্র সচিব। তবে, অসৎ উদ্দেশ্যে তিনি ৩ হাজার ৫৮৬টি খাতা এবং ৭১২টি টপশিট ফেরত দেননি বলে জানান ইউএনও এটিএম শরিফুল আলম।
বিষয়টি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও যশোর জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শহিদুল ইসলাম বলেন, ২০ নভেম্বর জেএসসি পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু ভুলবশত অতিরিক্ত খাতা যশোর বোর্ডে যথা সময়ে পাঠানো হয়নি।
ছেঁড়া-ফাটা টপশিটের বিষয়ে তিনি বলেন, "এসএসসি ভোকেশনাল ব্যবহারিক পরীক্ষার অতিরিক্ত খাতা না থাকায় ওই খাতার টপশিট ছিঁড়ে ভোকেশনাল ব্যবহারিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কেন্দ্র সচিব জানান, জেএসসি পরীক্ষা হয় যশোর বোর্ডের আওতায়, আর ভোকেশনাল পরীক্ষা হয় কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার আওতায়।
এক বোর্ডের খাতা অন্য বোর্ডের পরীক্ষায় ব্যবহার করার নিয়ম নেই বলেও জানান তিনি।
