২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ১২ দিন পর ফিরে এলেন ৪১ জেলে

বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহৃত জেলেদের মধ্য ৪১ জন ১২ দিন পর দুটি ট্রলারসহ ফিরে এসেছেন, যাদের প্রত্যেককে মুক্তিপণ দিতে হয় বলে দাবি করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 04:12 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার সকালে  ফিরে আসা এ জেলেদের বাড়ি বরগুনার তালতলী, কলাপাড়ার মহিপুর, পাথরঘাটা, বরগুনা ও মঠবাড়ীয়া এলাকার বিভিন্ন গ্রামে।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা তালতলীর জেলে কাসেম মাঝি (৪৫) ও সেন্টু মাঝি (৪০) জানান, দক্ষিণ বঙ্গোপসাগরের লাল দিয়ার চর ও পক্ষী দিয়ার চর সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে গত ২১ নভেম্বর মুক্তিপণের দাবিতে প্রায় দেড় শতাধিক জেলেকে অপহরণ করে জলদস্যুরা।

জলদস্যুদের দাবি অনুযায়ী জেলে প্রতি ৮০ হাজার থেকে এক লাখ টাকা করে মুক্তিপণ দিয়ে জেলেরা মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়ি ফিরে আসেন।

কাসেম ও সেন্টু জানান, জলদস্যুরা তাদের ধরে নেওয়ার পর থেকে কোনো এক গহিন জঙ্গলের ভেতরে বিভিন্ন খালের মধ্যে ট্রলারেই রেখেছিল। তারা মারধরসহ অমানুষিক নির্যাতন করেছে এবং ঠিকমত খাবারও দেয়নি তাদের।

সখিনা কোস্ট গার্ডের পেটি অফিসার সরোয়ার হোসেন বলেন, “এ জেলেদের অপহরণের খবর আগেই জেনেছি। তাদের কোথায় রেখেছিল চিহ্নিত করতে না পারায় উদ্ধার করা যায়নি। তবে ফিরে আসার খবর পেয়েছি।”

তালতলী থানার ওসি মিজানুর রহমান বলেন, “অপহরণের স্থান তালতলী থানার অন্তর্ভুক্ত না হওয়ায় অভিযান চালানো বা মামলা নেওয়ার এক্তিয়ার আমাদের নেই।”