২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদ মার্চেন্ট ফের গ্রেপ্তার

বলিউডের গুলশান কুমার হত্যা মামলার আসামি আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট বাংলাদেশের কারাগার থেকে বের হওয়ার পর ফের আটক হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 03:03 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পদমর্যাদার একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর রাতেই দাউদ মার্চেন্টকে আটক করা হয়।

দাউদ মার্চেন্ট দুবাইয়ে থাকা ভারতীয় ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ধরা পরার পর পাঁচ বছর ধরে কারাগারে ছিলেন তিনি।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ সুপার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মামলায় দাউদ মার্চেন্ট কারাগারে ছিলেন। গত ১৯ নভেম্বর তিনি আদালত থেকে জামিন পান এবং সেই নথিপত্র কারাগারে পৌঁছায় ২৯ নভেম্বর।

“যাচাই-বাছাই শেষে সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দিই আমরা।” 

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলছেন, তাদের কেউ সে সময় কারাগারের বাইরে দায়িত্বে ছিলেন না।

তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই ৪৫ বছর বয়সী দাউদ মার্চেন্টকে আটক করে নিয়ে যাওয়ার বিষয়টি ঢাকা গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

মুম্বাইয়ের সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মালিক গুলশান কুমারকে ১৯৯৭ সালের ১২ অগাস্ট আন্ধেরি এলাকার একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় গুলি চালিয়ে হত্যা করা হয়।

এ হত্যা মামলায় সন্দেহভাজন ভাড়াটে খুনি দাউদ মার্চেন্টকে গ্রেপ্তারের পর ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন দাউদ।

কিন্তু ২০০৯ সালে ১৪ দিনের পারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান তিনি। ওই বছরের ২৮ মে ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। পাসপোর্ট আইনে একটি মামলাও হয় তার বিরুদ্ধে।

সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দাউদ অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছিলেন। ভারতের অপরাধ জগতের আলোচিত ডন দাউদ ইব্রাহিম বাংলাদেশে নিজের কর্মকাণ্ড বিস্তারের জন্য দাউদ মার্চেন্টকে এ দেশে পাঠান।