সাগর-রুনি হত্যা: জামিন পেলেন তানভীর
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার মো. তানভীর রহমান অবশেষে হাই কোর্ট থেকে জামিন পেলেন।
বিচারপতি নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গিরদারের বেঞ্চ মঙ্গলবার তাকে এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
তানভীরের পক্ষে আদালতে শুনানি করেন তার আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান শুনানিতে ছিলেন।
হাই কোর্টের একটি বেঞ্চে জামিন চেয়ে বিফল হওয়ার পর এ বেঞ্চে এসেছিল আসামিপক্ষ। গত ২ সেপ্টেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ তানভীরের জামিন আবেদন ফিরিয়ে দিয়েছিল।
তার আগে তানভীরের জামিন চেয়ে গত ১৩ জুলাই রিট আবেদন করেছিল মানবাধিকার কমিশন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ওইদিন শুনানিও হয়।
হাই কোর্ট ও বিচারিক আদালতে বারবার আবেদন করেও জামিন না পাওয়ার যুক্তি দেখিয়ে ‘ব্যতিক্রমধর্মী’ ওই জামিনের আবেদন করা হয়। আইনজীবীদের দেয়া আদালতের পরামর্শে তানভীরের জামিনের ওই আবেদন করা হয়।
তার আইনজীবীর দাবি, তানভীরকে ওই বছরের ১ অক্টোবর আটক করা হলেও আদালতে হাজির করা হয় ১০ দিন পর।
এর মাঝে বিচারিক আদালত ও হাই কোর্টে কয়েকদফা জামিনের আবেদন করে ব্যর্থ হন তানভীর।
ছেলেকে ‘বিনা-বিচারে’ আটকে রাখার অভিযোগ এনে গত ৯ ফেব্রুয়ারি তানভীরের বাবা মাহবুবুর রহমান জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেন। সেই আবেদন বিবেচনায় নিয়েই কমিশন ও এর চেয়ারম্যান মিজানুর রহমান রিট আবেদন করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
হত্যা রহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি পুলিশ থেকে র্যাবে স্থানান্তর করা হয়।
র্যাব তদন্তের দায়িত্ব নেয়ার পর সন্দেহভাজন ১৬ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায়। এছাড়া আলামত হিসেবে জব্দ করা ছুরি ও পোশাকের নমুনাও পাঠানো হয়। কিন্তু তাতেও খুনি সনাক্ত করা যায়নি।
হত্যাকাণ্ডের এক বছর আট মাস পর ঘটনায় ‘জড়িত’ আটজনকে চিহ্নিত করে সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এর মধ্যে পাঁচজনই চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।
