২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৬ ডিসেম্বর ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 10:10 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

সোমবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, ভুটানের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে থোবগে বাংলাদেশে আসার আগ্রহ কথা বলেন। সেটি শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এখানে আসার আমন্ত্রণ জানান।

মুক্তিযুদ্ধের শেষ হওয়ার আগেই বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান।

গত বছরের জুলাই মাসে ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তোবগে’র প্রথম বাংলাদেশ সফর।

মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফর নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্র ও অর্থমন্ত্রীসহ দশ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।

এছাড়াও ভুটানের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রী তোবগে’র সঙ্গে বাংলাদেশ সফরে আসছে।    

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা, কৃষি, বাণিজ্যসহ ব্যবসা, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভুটানের প্রধানমন্ত্রীর আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।      

তিনি জানান, তোবগে’র এই সফরে দুইদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও নবায়ন করা হবে।

বাংলাদেশ সফরে তোবগে অন্যান্যদের মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে দুই কোটি ৬০ লাখ ডলার।

সম্প্রতি বাংলাদেশের উদ্বৃত্ত ইন্টারনেট ব্যান্ডউইথ কেনার বিষয়ে আগ্রহ জানিয়েছে ভুটান। এছাড়া পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় বড় পাথর বা বোল্ডার রপ্তানির বিষয়েও আগ্রহ জানিয়েছে দেশটি।

শেরিং তোবগে’র আগামী ৮ ডিসেম্বর ভুটানে ফিরে যাওয়ার কথা রয়েছে।