২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ-সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের নারীরা দক্ষিণ এশিয়ায় পিছিয়ে

দক্ষিণ এশিয়ায় নারীদের দুর্যোগ ও সঙ্কট মোকাবেলার সামর্থ্য বিবেচনায় সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান বলে এক জরিপে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 09:19 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের উদ্যোগে পরিচালিত গবেষণা ‘দক্ষিণ এশিয়ায় ঝুঁকি মোকাবেলায় নারীর প্রতিরোধ সূচক’  বাংলাদেশে প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

দুপুর ২টায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ওই গবেষণা প্রতিবেদনের ফলাফল তুলে ধরেন অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফারাহ কবির।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের সহযোগিতায় পরিচালিত এই গবেষণাটিতে আফগানিস্তান বাদে সার্কভুক্ত বাকি সাতটি দেশের নারীদের ওপর চালানো হয়।

সূচকে পাকিস্তান সর্বনিম্ন ২৭ দশমিক ৮ পয়েন্ট পেয়ে বাকি ছয়টি দেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। অবশ্য দক্ষিণ এশিয়ার বাকি ছয়টি দেশও সূচকে  ৪০ থেকে ৪৭ পয়েন্টের মধ্যে পেয়েছে, সামগ্রিক বিচারে যা মোটেও ভালো নয়।

সূচকের পয়েন্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ বড় পরিসরে তাদের নারীদের ক্ষেত্রে দুর্যোগ মোকাবেলা এবং তাদের পূর্বাবস্থায় ফিরে যেতে সক্ষমতা তৈরিতে ব্যর্থ হয়েছে।

মোট ১০০ পয়েন্টের ওই সূচকে পিছিয়ে থাকার দিক থেকে পাকিস্তানের পরের অবস্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ৪০ পয়েন্ট। সূচকে ভুটান ৪৬ দশমিক ৪ পয়েন্ট পেয়ে প্রথম, শ্রীলংকা ৪৫ দশমিক ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয়, নেপাল ৪৫ দশমিক ২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া ভারত ৪২ দশমিক ২ পয়েন্ট পেয়ে চতুর্থ ও মালদ্বীপ ৪০ দশমিক ৪ পয়েন্ট পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।   

দেশগুলোর অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক, অবকাঠামোগত ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে তৈরি এই সূচকে সবচেয়ে এগিয়ে আছে জাপান, যারা ৮০ দশমিক ৬ পয়েন্ট পেয়েছে।

দুর্যোগ ও সঙ্কট মোকাবেলায় নারীদের সক্ষমতা বিচারের জন্য অ্যাকশন এইড এ বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত মোট নয় মাস জরিপ চালিয়ে সূচকটি তৈরি করেছে বলে ফারাহ কবির জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশে নারীরা সাহসী ভূমিকা রাখছে। দুর্যোগ মোকাবেলার তারা সাফল্যের পরিচয় দিয়েছে।

“তবে সঙ্কট মোকাবেলায় নারীর শিক্ষা, প্রশিক্ষণ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির উন্নয়নে সরকার আরো বিনিয়োগ করতে পারলে বাংলাদেশের স্কোর আরও বেশি হতে পারে।”

অ্যাকশন এইডের পরিচালক শাহনাজ পারভীন বলেন, “বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় যেসব পলিসি তৈরি হয়েছে সেটি হয়েছে সামগ্রিকভাবে। এতে নারীর অংশগ্রহণ নেই বললেই চলে। অর্থাৎ সেগুলো জেন্ডার সেনসেটিভ না।

“দেশকে এগিয়ে নিতে হলে ভালো পলিসি দরকার, একটা কাঠামো দরকার।”

তিনি বলেন, “এদেশে কেউ গরীব মানুষ বন্যা কবলিত হবার পর তার কাঁচাঘর ভেঙে গেলে, আবারো ওই একই কাঁচাঘর করে দেয়া হয়। তবে সরকারকে এমন পলিসি করতে হবে, যেন বন্যা না হলেও সেই ব্যক্তির কাঁচাঘরে থাকতে না হয়।”

সুফল নিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পিত নীতিমালা তৈরির পরামর্শ দেন তিনি।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের উপপরিচালক সাজিদ রায়হান।