২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ভারত অভিন্ন লক্ষ্যে কাজ করছে: পংকজ শরণ

আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অভিন্ন লক্ষ্য নিয়ে বাংলাদেশ ও ভারত কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পংকজ শরণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে রামকৃঞ্চ মিশনের নতুন মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পাঁচদিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পংকজ শরণ বলেন, একটি ভারসাম্যপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক স্থাপন একপাক্ষিকভাবে হয় না, এটি একটি যৌথ প্রয়াস।

‍বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের প্রতিবেশী মন্তব্য করে বলেন, আমরা একই অঞ্চলের মানুষ, একই মাটির সন্তান। তাই আমাদের লক্ষ্য ও পথ অভিন্ন। ‍

“রামকৃষ্ণ মিশন মানুষে মানুষে সম্পর্ক স্থাপনের যে দর্শন নিয়ে কাজ করছে তা বাংলাদেশ ও ভারত উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করবে”

বর্তমান বিশ্বে চরমপন্থার উত্থানে উদ্বেগ প্রকাশ করে পংকজ শরণ বলেন, সব ধর্মের মধ্যে মানুষের প্রতি সাধারণ বার্তা একই- শ্রীরামকৃষ্ণের এ দর্শন ছড়িয়ে দিতে পারলে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারব।

বিভিন্ন দুর্যোগে রামকৃষ্ণ মিশন ‍বাংলাদেশের পাশে ছিল মন্তব্য করে তিনি বলেন, শুধুমাত্র দুর্যোগ নয়, গরীব ও অসহায় মানুষদের জন্য শিক্ষা, চিকিৎসা সুবিধা প্রদানের মত কাজও করছে এ মিশন।

নারীর প্রতি সহিংসতার উল্লেখ করে তিনি বলেন, একটি সমাজের প্রকৃত চিত্র বোঝা যায় ওই সমাজে নারীর অবস্থানের ওপর।

“প্রকৃতি সমৃদ্ধ ও উন্নয়ন তখনই সম্ভব হবে যখন আমরা নারীকে যথার্থ মর্যাদা দিতে পারব, নিরাপত্তা দিতে পারব, সমৃদ্ধ ও উন্নয়নের সহযাত্রী করতে পারব”

এসময় তিনি রামকৃষ্ণ মিশনের পাশে থাকার জন্য সরকারের প্রতি ধন্যবাদ দেন।

রামকৃষ্ণ সেবাশ্রম চট্টগ্রামের সম্পাদক স্বামী শক্তিনাথানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন ভারতের বেলুড় রামকৃষ্ণ সেবাশ্রম ও মিশনের সহ-সঙ্ঘ্যাধ্যক্ষ স্বামী প্রভানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বেলুড় মিশনের কোষাধ্যক্ষ স্বামী গিরিশানন্দজী, কলকাতার বাগবাজার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্মামী বিশ্বনাথনন্দজী, ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ধ্রুবেশানন্দজী, কলকাতার যোগোদ্যান রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ নিত্যমুক্তানন্দজী ও কলকাতার রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অব কালচারের সম্পাদক সুপর্ণানন্দজী।

প্রধান আলোচক হিসেবে ‍উপস্থিত ছিলেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ।

স্বাগত ভাষণ দেন উৎসব উদযাপন কমিটির মহাসচিব তাপস হোড়।