২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতিদের পেনশন বাড়ছে

অবসরে যাওয়ার পর উচ্চ আদালতের বিচারকদের পেনশন সুবিধার অংশ হিসাবে এককালীন অর্থের পরিমাণ বাড়াতে আইন সংশোধন করছে সরকার। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 04:56 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘দি সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) অর্ডিনেন্স (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৪’ এর খসড়ায় এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

উদাহরণ হিসাবে তিনি বলেন, অবসরের সময় একজন বিচারকের মাসিক মূল বেতন ৫৬ হাজার টাকা হলে পেনশন হিসাবে তিনি পান এর ৮০ শতাংশ বা ৪৪ হাজার ৮০০ টাকা।

এই পেনশনের ৫০ শতাংশ বা ২২ হাজার ৪০০ টাকা তাকে আনুতোষিক হিসাবে এককালীন (বাধ্যতামূলক সমর্পণ) দিতে হয়। বাকি টাকা তিনি পান মাসিক পেনশন হিসাবে। 

এককালীন অর্থের ক্ষেত্রে টাকার পরিমাণ বাড়াতেই আইন সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সচিব। 

তিনটি স্তরে এই টাকার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ ৫৬ হাজার টাকা মূল বেতন নিয়ে ৪০-৪৫ বছর বয়সে অবসরে গেলে ওই ২২ হাজার ৪০০ টাকার ২৬০ গুণ টাকা পাবেন তিনি।

অর্থাৎ, তিনি মোট ৫৮ লাখ ২৪ হাজার টাকা (২২,৪০০X২৬০) এককালিন পাবেন।

বর্তমান নিয়মে এই বয়সশ্রেণিতে ২৩০ গুণ টাকা এককালীন দেওয়া হয়।

একইভাবে ৪৫ থেকে ৫০ বছর বয়সে অবসের গেলে আনুতোষিকের হার ২১৫ থেকে বাড়িয়ে ২৪৫ করা হচ্ছে। আর ৫০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার ২০০ থেকে বাড়িয়ে ২৩০ করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে উচ্চ আদালতের বিচারকদের অবসরের বয়স ৬৭ বছর।