বুকে ব্যথা নিয়ে কাশিমপুর থেকে ঢাকায় সাঈদী
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ফাইল ছবি
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রয়োজনীয় চেকআপ ও চিকিৎসা শেষে সাঈদীকে ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।"
বুকে ব্যথা অনুভব করায় রোববার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্যে সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয় বলে জানান কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন ডন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সাঈদীর হৃদরোগ আছে। রাত ১২টার দিকে বুকে ব্যথা অনুভব করায় অ্যাম্বুলেন্সে করে তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো হয়।"
