রাজশাহীতে চলছে ছাত্রদলের হরতাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম শফিউল ইসলামের ‘প্রকৃত খুনিদের’ গ্রেপ্তারসহ ছয় দফা দাবিতে ছাত্রদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে রাজশাহী মহানগরীতে।
সোমবার সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে এক পথসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান বক্তব্য দেন।
সকাল ৮টার দিকে নগরীর অলোকার মোড়ে থেকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে সোনাদিঘী মোড়ে যায়। সেখানে পথসভায় বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন।
গত ১৫ নভেম্বর ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজের বাসার কাছে খুন হন শফিউল। এরপর ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া রাজশাহীর যুবদল এবং ছাত্রদল নেতাসহ ছয়জনকে আটক করে র্যাব। পরে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশাসহ চালককেও আটক করা হয়।
এরপর শফিউল হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের অপসারণসহ ছয় দফা দাবিতে শুক্রবার এই হরতালের ডাক দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
