প্রাথমিক সমাপনীতে বদলি পরীক্ষার্থী
নীলফামারীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) বদলি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে সাত শিক্ষার্থী।
কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার সিংহ জানান, বেলা ১২টার দিকে শিঙ্গেরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান তিনি।
এ সময় তিনি ৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী সাহাবুল হক, সুজন মিয়া, পেয়ারী আক্তার, বেদনা আক্তার ও সাজিলা আক্তারের প্রবেশ পত্রে থাকা ছবির সঙ্গে চেহারার অমিল দেখতে পেয়ে এ বিষয়ে জানতে চান।
তারা উপজেলার ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর বদলে পরীক্ষা দিতে এসেছে বলে জানালে তিনি তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী উপজেলার জহুরিয়া শরীফ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ছে বলে জানিয়েছেন কমল কুমার সিংহ।
এদিকে, ডিমলা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, সকালে আকাশকুঁড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান তিনি।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা করতে গিয়ে আলী আহসান এবং সুরভী আক্তারের ছবির সঙ্গে গরমিল ধরা পড়ে।
এ সময় তারা অন্যের বদলে পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী গত বছর পিইসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জানিয়েছেন ইউএনও রেজাউল করিম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ ঘটনায় স্কুলগুলোর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ায় প্রস্তুতি চলছে।
