বিএসআরএমসহ চট্টগ্রামে ৭ প্রতিষ্ঠানের জরিমানা
দূষণের দায়ে চট্টগ্রামের রড তৈরির কারখানা বিএসআরএমসহ সাত প্রতিষ্ঠানকে ৬৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার ঢাকায় সদর দপ্তরে কারখানা সাতটির প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এ জরিমানা করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানাগুলোর মধ্যে দুটি পেপার মিল, দুটি ডাইং মিল, দুটি ফিশ প্রসেসিং মিল ও একটি স্টিল মিলস রয়েছে।
গত ১৮ নভেম্বর পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে একটি দল এসব শিল্প কারখানা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দিয়ে শুনানিতে অংশ নিতে বলা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নদী দূষণ এবং ইটিপি বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলার অপরাধে নন্দীর হাটের চিটাগাং এশিয়ান পেপার মিলসকে আট লাখ টাকা, একই অপরাধে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার সুপার নিটিং অ্যান্ড ডাইং মিলকে ১৩ লাখ এবং এম এ রহমান ডাইংকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরীর সাগরিকা রোডে ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে অপরিশোধিত তরল বর্জ্য খালের মাধ্যমে সাগরে ফেলার অপরাধে এপেক্স ফুডকে ১৫ লাখ, সি মার্ক লিমিটেডকে পাঁচ লাখ, বায়েজিদ বোস্তামী এলাকার ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
ত্রুটিপূর্ণভাবে ডাস্ট/ফিউম এক্সট্রাকশন সিস্টেম এর মাধ্যমে কারখানা পরিচালনা করে বায়ু দূষণের অপরাধে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলকে (বিএসআরএম) ১৫ লাখ টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
