২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের মামলা

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লালমনিরহাটের আদিতমারীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

অভিযুক্ত রেজাউল ইসলাম মানিক (৩৭) মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক।

আদিতমারী থানার ওসি মো. কফিল উদ্দিন জানান, শুক্রবার রাতে ওই ছাত্রীর বড় বোন ধর্ষণের অভিযোগে এই মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, রেজাউল ইসলাম মানিক ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে তাদের বাসায় গিয়ে পড়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াতে এসে বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন রেজাউল। ওই সময় ঘরে ছাত্রীর বড় বোন দেখে ফেললে শিক্ষক পালিয়ে যায়।

ওসি কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীওই ছাত্রীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

এদিকে ধর্ষণের অভিযোগের বিষয়টি প্রকাশিত হলে শনিবার সকালে ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার চলমান উচ্চ মাধ্যমিক নির্বাচনী ও প্রথম বর্ষের মডেল টেস্ট পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা।

ওই শিক্ষক গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছে তারা।

এ বিষয়ে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শরওয়ার আলম বলেন, “অনিবার্য কারণে শনিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৪ ডিসেম্বর নেওয়া হবে।”