২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক কৃষককে পিটিয়ে গুরুতর আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2014, 09:09 PM

Updated : 22 Aug 2022, 07:57 PM

বুধবার বেলা ১টার দিকে উপজেলার নাস্তিপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীর ওপারে বাংলাদেশি ভূ-খণ্ডে এ ঘটনা ঘটে বলে বিজিবি কর্মকর্তারা জানান।

আহত এজাজুল হক রেজা (৩৭) দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, দুপুরে এজাজুলসহ কয়েকজন কৃষক মাথাভাঙ্গা নদীর ওপারে জমিতে কাজ করছিলেন।  

এসময় নদীয়া জেলার চাপড়া থানার বিজয়পুর ক্যাম্পের টহলরত কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতরে ঢুকে এজাজুলকে ধরে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় এজাজুলের সঙ্গীরা ভয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এজাজুলকে উদ্ধার করে দর্শনা মর্ডান ক্লিনিকে ভর্তি করে।

বিএসএফের আঘাতে এজাজুলের বাঁ হাতের হাড় ভেঙেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ওই ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে জানিয়ে বিজিবি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে।

ভারতের ১১৩ বিজয়পুর ক্যাম্পে ফোন করে এ ঘটনার প্রতিবাদ করেছেন বলে মনিরুজ্জামান জানান।

পরে চুয়াডাঙ্গা বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজয়পুর বিএসএফ ক্যাম্পে পত্রও পাঠানো হয়েছে।