মিরপুরে দুর্ঘটনায় নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীর মিরপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় নিহত হয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক নিরাপত্তাকর্মী।
মিরপুর মডেল থানার এএসআই দিল মোহাম্মদ জানান, শুক্রবার ভোরের দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম (৬০) মিরপুরের বাইশটেকি এলাকায় থাকতেন। নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন গোলচত্বর এলাকার একটি প্রতিষ্ঠানে। তার গ্রামের বাড়ি খুলনার রূপসায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই দিল মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইব্রাহিম ভোরে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
