২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: বাংলাদেশকে অবহেলার উদাহরণ টানলেন চমস্কি

জলবায়ু পরিবর্তনের  সাগরে তলিয়ে যাওয়ার ব্যাপারে পরিবেশবিদদের সতর্কতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা থাকলেও বাংলাদেশের প্রশাসন, প্রভাবশালী ও আন্তর্জাতিক মহল তা নিয়ে উদাসীন বলে মন্তব্য করেছেন মার্কিন নীতির কট্টর সমালোচক ও ভাষাবিদ নোম চমস্কি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 01:16 AM

Updated : 13 Oct 2022, 12:49 PM

নিউ ইয়র্কের ব্রুকলিনে স্থানীয় সময় ১৫ নভেম্বর, শনিবার রাতে যুদ্ধবিরোধী তৃণমূল সংগঠন ‘ব্রুকলিন ফর পিস’-এর কাছ থেকে এক সম্মাননা পদক নেওয়ার পর দেওয়া ভাষণে নোম চমস্কি এসব কথা বলেন।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বর্তমানের ধারা রোধ করা সম্ভব না হলে ৬০ থেকে ৭০ বছরের মধ্যে বাংলাদেশ সাগরে তলিয়ে যাওয়ার ভয়ঙ্কর আশঙ্কা পরিবেশবিদরা করছেন।

“বাস্তবতার আলোকে তা সাধারণ মানুষকে আতঙ্কিত করলেও দেশটির প্রশাসন কিংবা আন্তর্জাতিকভাবে প্রভাবশালী মহলে এখন পর্যন্ত তা ততটা গুরুত্ব পায়নি। এমন কি পরিবেশ সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণেও নিদারুণ এজন্য দায়ী গোষ্ঠীর মধ্যে অবহেলা দেখা যাচ্ছে।”

নোম চমস্কি অভিযোগ করে বলেন, “শুধু বাংলাদেশ নয়,  বিশ্বের অন্য দেশগুলোর ক্ষেত্রেও একই মনোভাব দেখাচ্ছে জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং হোয়াইট হাউস।”

এর উদাহরণ টানতে গিয়ে মার্কিন চিন্তুক নোম চমস্কি বলেন, “ইবোলায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৩ জনের প্রাণহানী ঘটেছে বলে মিডিয়া এবং প্রশাসন বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করছে যে, জনমনে প্রচণ্ড ভীতি ঢুকেছে। যুক্তরাষ্ট্রের ইবোলা প্রতিরোধের যথেষ্ঠ ক্ষমতা বা যোগ্যতা রয়েছে, যা মিডিয়ায় প্রাধান্য পাচ্ছে না।”

“আসলে সাধারণ মানুষকে সবসময় ভীতিকর পরিস্থিতির মধ্যে রেখে ক্ষমতাসীন এবং সুবিধাবাদীরা নিজেদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত থাকেন, যা এখনও দৃশ্যমান। এভাবেই মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি আড়াল করতে আমেরিকান মিডিয়াগুলোও কখনো কখনো স্বার্থান্বেষী মহলের ক্রীড়ানক হচ্ছে,” বলেন তিনি।

ব্রুকলিন হাইটস-এর প্লিমুথ চার্চে ‘ব্রুকলিন ফর পিস’ র তিরিশ বছর পূর্তি উপলক্ষে চমস্কিকে এই সম্মাননা দেয়া হয়।

বক্তব্যে নোম চমস্কি মার্কিন ‘যুদ্ধবাদ’ কিভাবে বিশ্বব্যাপী ত্রাসের সৃষ্টি করে চলেছে নানা ঘটনা দিয়ে সেটি বিশ্লেষণ করেন।

আর এর উদাহরণ টানতে গিয়ে তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কিসিঞ্জারের মদদপুষ্ট পাক-হানাদার বাহিনীর বর্বরতার কথা এবং  নিকারাগুয়া বা চিলিতে সিআইএ’র আগ্রাসনের ঘটনা উল্লেখ করেন।

সম্প্রতি ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলার সমালোচনাও এসেছে চমস্কির বক্তব্যে।

এ অনুষ্ঠানে অংশ নেয়া নিউ ইয়র্কের মানবাধিকার সংগঠক পার্থ ব্যানার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন মানুষ যে কতটা জ্ঞানের অধিকারী হতে পারেন, এবং এই ছিয়াশি বছর বয়েসেও যে তার কী রকম প্রখর অধ্যয়ন ও স্মৃতি থাকতে পারে, বাগ্মীতা থাকতে পারে, নোম চমস্কিকে না দেখলে বিশ্বাস করা যায় না।

“বাংলাদেশকে তিনি ‘বাংলাদেশ’-ই উচ্চারণ করলেন, এখানকার মত ‘ব্যাংলাডেস’ নয়। এই না হলে নোম চমস্কি?”