২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ: অনশন ভাঙলেন আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ষষ্ঠ দিনে এসে অনশন ভেঙেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 10:53 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার সন্ধ্যায় অধ্যাপক এম এম আকাশের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষকের অনুরোধে ফলের জুস পান করে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

বুধবার থেকে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করে ভর্তিচ্ছুরা। এই ছয়দিনে প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

সোমবার সন্ধ্যায় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে অনশন কর্মসূচির মতো ‘মারাত্মক’ কর্মসূচি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষকের স্বাক্ষরসম্বলিত একটি লিখিত বক্তব্য পড়ে শোনান হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোশাহিদা সুলতানা।

তিনি বলেন, “ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা একবারই কেবল পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, দ্বিতীয়বার থাকবে পাবে না- বিশ্ববিদ্যালয়ের নেওয়া এই সিদ্ধান্তটি বড় এবং মৌলিক একটি সিদ্ধান্ত।

“দেশের বৃহত্তর সাধারণ দরিদ্র অথচ মেধাবী মানুষের উচ্চ শিক্ষাগ্রহণের বিষয়টি ভাগ্যের সঙ্গে জড়িত, ফলে এই সিদ্ধান্তটি তাদের উপর প্রভাব ফেলতে পারে।’’

তিনি আরো বলেন, “হঠাৎ করে নেওয়ার কারণে এই সিদ্ধান্তে তাদের স্বার্থের বিষয়টি উপেক্ষিত হয়েছে। এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা দরকার।”

এসময় আরো উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক তানজিম উদ্দীন খান।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সালমান খান জানান, শিক্ষকরা যদি তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দাবি আদায়ে কার্যকরী ভূমিকা রাখতে পারেন তাহলে তারা অনশন স্থগিত করবেন।

তখন শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের দাবির সাথে তারা একমত এবং দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত যেকোনো ধরনের নিয়মতান্ত্রিক আন্দোলনে তারা শিক্ষার্থীদের সমর্থন দেবেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফাহমিদুল হক বলেন, শিক্ষকরা আন্দোলনটি যৌক্তিক মনে হওয়ায় সংহতি প্রকাশ করছে। কাজেই অনশন ভেঙ্গে দিয়ে বিকল্প পথে দাবি আদাযের ব্যবস্থা করতে হবে।

“কারণ ইতোমধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। কোন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে এর দায় কেউ নেবে না। তাই অনশন বাদ দিয়ে নতুন করে আন্দোলন শুরু করতে হবে। আর এই আন্দোলনে শিক্ষকরাও সম্পৃক্ত হবে।”

এসময় এক শিক্ষার্থী বলেন, আন্দোলন শুরুর এক মাস পূর্তি হয়েছে। এর মধ্যেই আন্দোলনে পুলিশ ও গুণ্ডা বাহিনীর হামলা হয়েছে। কোনো পথ না পেয়ে অনশনে বসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাযনি। আবার নতুন করে আন্দোলন শুরু করলে হামলার শিকার হতে হবে।

এর জবাবে তানজিম উদ্দিন খান বলেন, এই আন্দোলনে কোনো শিক্ষক সম্পৃক্ত ছিল না। এখন তোমাদের সঙ্গে শিক্ষকরাও যোগ দিচ্ছে। কাজেই সকলে মিলে একত্রিত আন্দোলন করলে আশা করছি দাবি আদায় হবেই।

দীর্ঘক্ষণ ভর্তিচ্ছুদের আলাপের পর অনশন ভাঙতে রাজি হয় ভর্তিচ্ছুরা। নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

পুরনো খবর:

‘৫ দিন অনশনেও টনক না নড়া দুঃখজনক’