শিশু অধিকার কনভেনশনের রজত জয়ন্তীতে নানা কর্মসূচি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিশু অধিকার কনভেনশনের ২৫ বছর পূর্তি উদযাপন করছে বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর যৌথ ফোরাম শিশু অধিকার অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান কোয়ালিশনের অন্যতম নীতি নির্ধারক ইমরানুল হক চৌধুরী।
তিনি বলেন, ইতোমধ্যে সরকার চুক্তি অনুযায়ী অনেক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। যার মধ্যে রয়েছে জাতীয় শিশু নীতিমালা ২০১১, শিশু আইন ২০১৩, জাতীয় শিক্ষানীতি ২০১০, জাতীয় শিশু শ্রম নিরোধ নীতিমালা ২০১০ প্রণয়ন।
“তবে কিছু সফলতা এলেও শিশু অধিকারকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে আরো অনেক উদ্যোগ নিতে হবে। বাল্যবিবাহ, প্রাথমিক স্কুল থেকে শিশুদের ঝরে পড়া প্রতিরোধসহ অনেকগুলো ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা রয়েছে, যা আগামী ২০ নভেম্বর প্রকাশিতব্য প্রতিবেদনে উঠে আসবে।”
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ১৯৮৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকার কনভেনশন স্বাক্ষরিত হয়। পরের বছরের অগাস্টে বাংলাদেশ এই আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।
সারা বিশ্বের শিশুদের অধিকার রক্ষা, তাদের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যে দুটি পৃথক অধ্যায়ে মোট ৫৪টি অনু্চ্ছেদ রয়েছে শিশু অধিকার কনভেনশনে।
বেসরকারি সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ শিশু অধিকার ফোরামসহ ১০টি উন্নয়ন সংগঠন নিয়ে গঠিত শিশু অধিকার অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে শিশু অধিকার রক্ষায় সরকারের কাছে কিছু সুপারিশও তুলে ধরা হয়।
এগুলো হল-শিশুদের জন্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক বিভাগ স্থাপন, বাজেটে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ, মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর রাখা ইত্যাদি।
রজত জয়ন্তীর কর্মসূচীর মধ্যে রয়েছে ১৯ ও ২০ নভেম্বর রাজধানীর দৃক গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী, ২০ নভেম্বর বিয়াম মিলনায়তনে শিশু অধিকার উন্নয়ন বিষয়ক প্রতিবেদন প্রকাশ, একই দিন একুশে টিভিতে টক শোতে অংশগ্রহণ এবং কম্যুনিটি রেডিওতে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ।
