২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনটি বিলবোর্ড অপসারণ

চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে তিনটি বিলবোর্ড ও পাঁচটি খুঁটি উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে এসব বিলবোর্ড-খুঁটি সরিয়ে নেওয়া হয়।

বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অভিযানে অবৈধ বিলবোর্ড-খুঁটি অপসারণ করে খুঁটির মালিকদের ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

“কাগজপত্র যাচাই-বাছাই করেই অবৈধ বিলবোর্ডগুলো অপসারণ করা হয়েছে।”

তবে ওই তিন বিলবোর্ডের মালিক সম্পর্কে কিছু জানাতে পারেননি নাজিয়া শিরিন।

স্থানীয়রা জানান, গত মাসের শেষ দিকে টাইগার পাস মোড়ের ফোয়ারা ঘেঁষে বিলবোর্ড তিনটি স্থাপন করা হয়।

Image
চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকা থেকে অবৈধ বিল বোর্ড উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন ও পুলিশ। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকা থেকে অবৈধ বিল বোর্ড উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন ও পুলিশ। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার অভিযানের প্রথম দিনে নগরীর ওয়াসা মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। সেসময় বিলবোর্ড মালিকদের বাধার মুখে পড়তে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে।

উচ্ছেদ বিলবোর্ডের মধ্যে কয়েকটি ‘বৈধ’ বলে দাবি করেন মালিকরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বন্দর নগরীর অবৈধ বিলবোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন।

তবে গত চার বছরে সিসিসি মাত্র ৬৮টি বিলবোর্ড উচ্ছেদ করেছে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সভায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরুর ঘোষণা দেন।

এরপর শুক্র ও শনিবার নগরীতে অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে মাইকিং করা হয়। রোববার সকালে সিটি করপোরেশনের তালিকা অনুসারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হয়।

সিসিসি তালিকায় নগরীতে বৈধ বিলবোর্ডের সংখ্যা ছয় হাজার ৪৮৫টি আর অবৈধ বিলবোর্ড ৩৫৪টি।