২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে মহাসড়কে ফায়ার স্টেশন হচ্ছে

দুর্ঘটনা কবলিত মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোয় তাৎক্ষণিক সেবা দিতে হাইওয়ে ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হচ্ছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

এজন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ‘হাইওয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছে সরকার।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তার অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের আঞ্চলিক ও মহাসড়কে দুর্ঘটনা কবলিত স্থানে তাৎক্ষনিক সেবা দেওয়া সম্ভব হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করতে অনেক উগ্রপন্থি বাংলাদেশি তরুণের বেনামে পাসপোর্ট তৈরির চেষ্টা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এমআরপিতে একজন নাগরিকের বেনামে পাসপোর্ট নেওয়ার কোনো সুযোগ নেই।”

অন্য এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট করে সংশ্লিষ্ট অফিসগুলোর মাধ্যমে গ্রাহকদের দেওয়া হচ্ছে। এমআরপি চালুর পর থেকে এখন পর‌্যন্ত প্রায় ৮৬ লাখ ৭৮ হাজার ৯৫৯টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী অর্থ বরাদ্দ না পাওয়ায় গত আট বছরে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ শেষ হয়নি। এ প্রকল্পে এখন পর্যন্ত ৬৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন কারাগারে মোট ৫৪৯ জন বিদেশি আছেন। এরা ভারত, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, পেরু, আলজেরিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও শ্রীলংকার নাগরিক। এদের মধ্যে ৩৯৩ জনের মামলা বিচারাধীন, ৭৬ জন দণ্ডপ্রাপ্ত।

আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোট ১৯টি থানার কার্যক্রম ভাড়া বাড়িতে চালু আছে। এরমধ্যে ৫টি থানা সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৫টি কমিউনিটি সেন্টার ভাড়া করে পরিচালিত হচ্ছে।

ডিএমপির মোট ৪৯টি থানার মধ্যে মাত্র ১৮টি থানার নিজস্ব জমি ও স্থাপনা রয়েছে। ৪টি থানার কার্যক্রম পরিত্যক্ত বাড়িতে চলছে। ৬টি থানার কার্যক্রম চলছে বিভিন্ন ফাঁড়িতে। ২টি থানার কাজ বিমান বন্দর কর্তৃপক্ষ ও রেলওয়ে কর্তৃপক্ষের জমিতে পরিচালিত হচ্ছে।     

একটি সম্পূরক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে জানান, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

কৃষি জমি কমার তথ্য নেই সরকারের কাছে

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বাড়ি করার ফলে বছরে কী পরিমাণ কৃষি জমি হ্রাস পাচ্ছে তার হিসাব সরকারের কাছে নেই।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে কৃষি জমির পরিমাণ ২ কোটি ৫ লাখ ১২ হাজার একর। এছাড়া বসতভিটার জমির পরিমাণ ৬ লাখ ৭৭ হাজার ২৮৭ একর।

আরেকটি প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ১৫ লাখ ৮ হাজার ৮৭৬টি।