মাতুয়াইলে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
রাজধানীর ডেমরার মাতুয়াইলে এক ব্যবসায়ীকে মারধর করে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় তিন ‘সন্ত্রাসী’র বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ১১টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “ছিনতাইয়ের সময় হাফিজকে মারধর করা হলে তিনি আহত হন। পরে দুপুর আড়াইটার দিকে হাফিজকে তার স্ত্রী নীপা ও ভাগিনা নয়ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।”
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, “হাফিজ সকালে ডেমরার বাসা থেকে দেড় লাখ টাকা নিয়ে বের হন। এরপর বাসার পাশেই এক আত্মীয়ের বাড়ি থেকে আরও ৩ লাখ ২৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল করে নিজ প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।
“এ সময় স্থানীয় সন্ত্রাসী সুমন, বাবু, মনির তাকে পিটিয়ে ব্যাগে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়।”
হাসপাতালে আহত হাফিজ সাংবাদিকদের বলেন, “সুমন ও বাবু কয়েক সপ্তাহ আগে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেয়ায় তারা আমাকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়েছে।”
