২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্বন্দ্ব নিরসনের’ পর ক্যাম্পাসে সিএফসি

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার মধ্যস্থতায় ‘দ্বন্দ্ব নিরসনের’ ঘোষণা দেয়ার পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেছে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:26 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রোববার সকালে চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করে।

দীর্ঘদিন ধরে আরেক বগি ভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) বাধার কারণে তারা ক্যাম্পাসে সক্রিয় হতে পারছিল না।

এ দুটি বগি ভিত্তিক সংগঠক পরস্পর গত প্রায় এক বছর ধরে বিরোধে জড়িয়ে আছে। তাদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

গত সোমবার দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ অচল হয়ে পড়ে চবি ক্যাম্পাসে। পরে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরকালে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর শনিবার রাতে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় সমঝোতা বৈঠকে বসে দুই পক্ষ।

ওই বৈঠক শেষে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, দুই পক্ষের বিরোধের কারণে এক পক্ষ ক্যাম্পাসে যেতে পারছিল না। এখন থেকে শান্তিপূর্ণ সহাবস্থান করতে বলা হয়েছে।

রোববার ক্যাম্পাসে আসা সিএফসি গ্রুপের নেতা অমিত কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো সমস্যা হয়নি। আমরা উপাচার্যের সাথে দেখা করেছি।

“উপাচার্যকে বৈধ শিক্ষার্থীদের রাজনীতি করার সুযোগ দিতে এবং ছাত্রাবাসে আসন বরাদ্দ দিতে অনুরোধ করেছি।”

রোববার ক্যাম্পাসে সিএফসি ও ভিএক্স এর নেতাকর্মী ও অনুসারীদের একসঙ্গে আলাপ করতেও দেখা গেছে।

ভিএক্স গ্রুপের নেতা রাশেদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব ভেদাভেদ ভুলে আমরা একযোগে মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাজ করতে চাই।"