চট্টগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
চট্টগ্রামের হাটহাজারিতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে।
আবদুল হালিম নামের ওই শিক্ষক হাটহাজারি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। ২০১৩ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি।
হাটহাজারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছেন তারা।
“বুধবার রাতে বিষয়টি লোকমুখে জানতে পারলেও বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে আমাকে জানানো হয়েছে।”
এ বিষয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জানিয়েছেন।
হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে এর সত্যতা পাওয়া গেলে মামলা হবে।”
