একরাম হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয়ার আড়াই মাস পর তা আমলে নিয়ে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছে আদালত।
একরামুল হক (ফাইল ছবি)
এ মামলায় গ্রেপ্তার ৩০ আসামির মধ্যে ২৯ জনকে এদিন আদালতে হাজির করা হয়। মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি থাকায় তাকে আদালতে আনা হয়নি।
ফেনী আদালত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা জানান, একরাম হত্যায় ৫৬ জনকে আসামি করে গত ২৮ অগাস্ট ফেনীর বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিন দফা শুনানি শেষে আদালত বুধবার অভিযোগপত্র আমলে নেন।
আসামিদের একাধিক আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আগামী ২৬ নভেম্বর পুনরায় হাজিরার দিন রেখে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এছাড়া অভিযোগপত্রে নাম না থাকায় জড়িত সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বিচারক।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যায় পুলিশ ও র্যাব এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন চৌধুরী, ফেনী পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু, ফেনী-২ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদুল ইসলাম আবিদসহ ১৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টারসহ পলাতক ২৬ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে একরামুল হককে হত্যা করে দুর্বৃত্তরা।
হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
