কম্বল গ্রামে শুধুই তাঁতের খট খট শব্দ
শীত আসতে না আসতেই তাঁতের খট খট শব্দে মুখর হয়ে উঠেছে বগুড়ার ‘কম্বল গ্রাম’। রাত জেগে কম্বল ও চাদর বানাতে ব্যস্ত এখানকার তাঁতিরা। তাঁতের তৈরি শীতের এসব কাপড় কিনতে গ্রামটিতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা।
বগুড়া শহর থেকে আনুমানিক ৪০ কিলোমিটার দূরে আদমদীঘি উপজেলায় শাওইল গ্রামটির অবস্থান, স্থানীয় ও ব্যবসায়ীদের কাছে যা ‘কম্বল গ্রাম’ নামে পরিচিত।
সরেজমিনে দেখা গেছে, গ্রামের প্রতিটি বাড়ির আঙ্গিনায় ও ঘরে বসানো তাঁতে দিন-রাত চাদর ও কম্বল বুনছেন তাঁতিরা।
প্রতিটি বাড়িতেই কমপক্ষে ২টা থেকে সর্বাচ্চ ১০টা পর্যন্ত তাঁত রয়েছে। এর কোনোটা চাকাওয়ালা, আবার কোনটা একেবারেই বাঁশ-কাঠ দিয়ে তৈরি।
শাওইল ছাড়াও দত্তবাড়িয়া, মঙ্গলপুর, দেলুঞ্জসহ আশপাশের প্রায় ৭৫ গ্রামের চিত্র একই রকম।
শাওইল হাট ও বাজার কমিটির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, শাওইল হাটে শুরুতে পাঁচটি দোকান থাকলেও এখন শাওইলের ছোট বড় মিলে প্রায় ১৫শ দোকান রয়েছে।
কোনো ধরনের প্রচার ও সরকারি সহযোগিতা ছাড়াই এখানে গড়ে উঠেছে এই বাজার। চাদর তৈরির পাশাপাশি এখানে গড়ে উঠেছে শীতবস্ত্র তৈরির মেশিন, সুতা, রং, তাঁতের চরকা, তাঁত মেশিনের সরঞ্জাম ও লাটায়ের ব্যবসা প্রতিষ্ঠান।
হাটের নানা অসুবিধার কথা তুলে ফারুক জানান, প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বেচা-কেনা হলেও এখানে কোনো ব্যাংক নেই। শাওইল থেকে ১১ কিলোমিটার দূরে আদমদীঘি সদরের ব্যাংকে লেনদেন করতে হয়।
আবাসিক হোটেল, ব্যাংকসহ অন্যান্য সুযোগসুবিধা পাওয়া গেলে এ গ্রামে তাঁতিদের পাশাপাশি আরো প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা।
