হাজারীবাগে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে আহত
রাজধানীর হাজারীবাগে বাসায় ঢুকে এক গৃহবধূর গলায় ছুরি চালিয়ে তাকে আহত করেছে দুর্বৃত্তরা।
এ সময় ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হারুণ উর রশিদ (২৩) নামে এক হামলাকারীকে ধরে পুলিশে দিয়েছে। আহত সোহেলী বেগমকে (৩৮) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার আব্দুল বাতেন জানান, হাজারীবাগের পাঠশালা গলির একটি চারতলা ভবনের তৃতীয় তলার বাসায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তিন/চারজন যুবক প্রবেশ করে।
ঘটনার সময় সোহেলীর স্বামী জাহাঙ্গীর অন্য কক্ষে ছিলেন জানিয়ে পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, “তিনি এগিয়ে আসার আগেই ঘটনাটি ঘটে যায়। সোহেলীর দুই কন্যা শিশু সে সময় স্কুলে ছিল।”
চারতলা ওই ভবনে জাহাঙ্গীরের অন্য ভাইও থাকেন।
বিষয়টি ডাকাতির চেষ্টা, না পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে উপ-কমিশনার বাতেন জানিয়েছেন।
