সিরাজগঞ্জ-৩ উপ নির্বাচন ২৩ ডিসেম্বর
আওয়ামী লীগ নেতা মো. ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৩ আসনে উপ নির্বাচন হবে ২৩ ডিসেম্বর।
নির্বাচন কমিশন মঙ্গলবার এই উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে। রাজশাহীতে ইসির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ২০ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন।
গত ৬ অক্টোবর ঈদের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বগুড়া নেওয়ার পথে মারা যান ইসহাক হোসেন তালুকদার।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক ১৯৮৬, ২০০৭ ও ২০১০ সালে তিন দফা রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
