আল জাজিরার বিরুদ্ধে চট্টগ্রামেও বিক্ষোভ
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগে আল জাজিরা টিভির বিরুদ্ধে ঢাকার পর এবার চট্টগ্রামেও বিক্ষোভ হয়েছে।
মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগে বাংলাদেশে কাতারভিত্তিক এই টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতি কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধনের পর সমাবেশ থেকে এ দাবি জানান তারা।
সমাবেশে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দোসর আমেরিকা ও সৌদি আরব আন্তর্জাতিক গণমাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালিযেছিল।
“আল জাজিরায় মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এখনো মিথ্যাচার করা হচ্ছে। এ ধরনের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। এসব চ্যানেল সম্প্রচার বন্ধ হোক বা না হোক আমরা দেখা বন্ধ করে এর প্রতিবাদ করতে পারি।”
আল জাজিরার ওই প্রতিবেদন প্রকাশের পর অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার প্রতিবাদ হয়।
সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, “আল জাজিরাসহ যেসব আন্তর্জাতিক গণমাধ্যম আমাদের মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার ও ট্রাইব্যুনাল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দেশে সেসব গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করতে হবে।
“আমাদের নিজস্ব সংবিধান আছে। নিজস্ব বিচার ব্যবস্থা আছে। আমাদের বিচার ব্যবস্থা নিয়ে অন্যদের নাক গলানো আমরা মেনে নেব না।”
সমাবেশে অন্যদের মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি সুনীল ধর, শিল্পী শাহরিয়ার খালেদ প্রমুখ বক্তব্য রাখেন।
উদীচী শিল্পীগোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চসহ বিভিন্ন সংগঠন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।
