২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছালো

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা এক মামলার সাক্ষ্যগ্রহণ নবম বারের মতো পেছালো।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক আগামী ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রাখেন।

মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তুতি না থাকায় বিচারক তারিখ পিছিয়ে দিয়েছেন।

এই মামলায় ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গত ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান বিব্রতবোধ করে নথিপত্র ঢাকার মহানগর দ্বিতীয় বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. জহুরুল হকের আদালতে পাঠান।

নথি থেকে জানা যায়, বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় গত বছরের ৫ নভেম্বর বিডিআরের ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া ৪২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা সদর দপ্তরে বিডিআরের কিছু সদস্যের হাতে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।

এ ঘটনায় লালবাগ থানার ওসি নবজ্যোতি খীসা প্রথমে লালবাগ থানায় ও পরে নিউমার্কেট থানায় মামলা করেন।

২০১০ সালের ১২ অক্টোবর  ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিস্ফোরক মামলার অভিযোগপত্রে প্রথমে ৮০৮ জন এবং পরে সম্পূরক অভিযোগপত্রে আরো ২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়।