আশুগঞ্জে বিদ্যুৎ ও সেতু প্রকল্পে কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন চারটি বিদ্যুৎ কেন্দ্র ও দ্বিতীয় আশুগঞ্জ-ভৈরব রেল সেতু প্রকল্পের শ্রমিকরা ন্যয্য মজুরির দাবি তুলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদের ডাকে প্রকল্পগুলোর কয়েক হাজার শ্রমিক এ কর্মবিরতিতে যোগ দেন।
এ সময় তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে সংগঠনের আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব তানসেন মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ইদন মিয়া মিন্টু, নৌ-যান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জ সভাপতি হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদ নেতা নিজাম উদ্দিন জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে হুন্দাই ও টিএসকে কোম্পানি দক্ষ-অদক্ষ শ্রমিক সরবরাহের অনুমতি পায়।
শর্ত অনুযায়ী মাসিক ৩১ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত দক্ষ-অদক্ষ শ্রমিকরা বেতন পাওয়ার কথা থাকলেও তাদেরকে দেয়া হচ্ছে মাসিক ৭ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত।
তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকরা কাজ না করলে বেতন দেওয়া হচ্ছে না।
শ্রম আইন অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা কাজ করার বিধান থাকলেও এখানে দৈনিক কাজ করতে হয় ১০ ঘণ্টা। ১০ ঘণ্টার অতিরিক্ত কাজ করলে পরের সময় ওভারটাইম হিসেবে গণ্য করা হয়।
তিনি আরও জানান, আশুগঞ্জে চলমান ৫টি প্রকল্পে কয়েক হাজার দক্ষ ও অদক্ষ শ্রমিক কর্মরত আছে। কিন্তু এখানে স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার না দিয়ে চাহিদার মাত্র ৩০ শতাংশ স্থানীয় শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এবং বাকি শ্রমিক দেশের বিভিন্ন স্থান থেকে নিয়োগ দেওয়া হয়।
