২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিখোঁজ ৬ ট্রলারসহ ৩০ জেলে, উদ্ধারের দাবি

জলদস্যুর হাতে অপহৃত কক্সবাজারের ছয়টি ট্রলারসহ ৩০ জেলে ও মাঝিমাল্লা এখনও উদ্ধার হয়নি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 05:07 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

এদের উদ্ধারসহ জলদস্যুদের উৎপাত বন্ধে সোমবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে ফিশিং ট্রলার মালিক সমিতি।

সমিতির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও পুলিশ সুপার শ্যামল কান্তি নাথের কাছে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে ১০টি ট্রলার জলদস্যুদের কবলে পড়েছে। এরমধ্যে এখনও ছয়টি ট্রলারসহ ৩০ জেলে ও মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ট্রলারগুলো হলো কক্সবাজার শহরের এসএম পাড়ার হাবিব হোসেনের এফবি ফারিয়া, টেকপাড়ার জাফর আলমের এফবি লিলি, মহেশখালীর আবদুর রশিদের এফবি সুমা, পাহাড়তলীর ওসমান গণির এফবি আল জব্বার, বাহারছড়ার রেজাউল করিমের এফবি তানজিয়া ও খুরুশকুলের মো. ইসহাকের এফবি হাসনা হেনা।

এসব মাছধরা ট্রলারে ৩০ জেলে ও মাঝি-মাল্লা রয়েছেন।

স্মারকলিপি প্রদান শেষে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান,  বছরের পর বছর ধরে কক্সবাজারের জেলেরা দস্যুতার শিকার হচ্ছেন। কিন্তু প্রশাসন দস্যুদের দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

তাই যেকোনো সময় সাংগঠনিকভাবে সাগরে মাছ ধরা বন্ধ করে দেয়ার সিদ্ধান্তও আসতে পারে বলে হুশিয়ার করেছেন জেলা ফিশিং বোট মালিক সমিতির এই নেতা।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।