২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে যোগ দেননি নৌশ্রমিকরা

নৌ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ডাকা ধর্মঘট একপক্ষ প্রত্যাহারের ঘোষণার দিলেও পণ্য ওঠানামার কাজ শুরু করেনি লাইটার জাহাজের শ্রমিকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে থাকা বড় জাহাজ ও কর্ণফুলী নদী তীরের ১৮টি ঘাট এবং মংলা বন্দরে অপেক্ষমান মালবোঝাই জাহাজ থেকে পণ্যওঠানামার কাজ সোমবার টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠকের পর লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশ নৌ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকের উদ্ধার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আরেক অংশ।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।

“রোববারের বৈঠকে আমাদের ডাকা হয়নি। প্রত্যাহারের বিষয়টিও আমরা জানি না।”

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম বলেন, “তৃতীয় দিনের মতো আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। মংলা ও চট্টগ্রাম বন্দরসহ দেশের সকল নৌঘাটে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।”

লাইটারেজ শ্রমিক ইউনিয়ন তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সরকার পক্ষের সঙ্গে বৈঠক করে কর্মসূচি প্রত্যাহার করেছে বলে তিনি দাবি করেন।

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ যোগাযোগ না করলেও ব্যক্তিগতভাবে একজন মন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন জানিয়ে শাহ আলম বলেন, সোমবার যে কোনো সময়ে নৌপরিবহন মন্ত্রাণালয় নৌশ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারে।

মংলা বন্দরের হারবার মাস্টার কে এম আকতারুজ্জামান জানান, নৌশ্রমিকদের কর্র্মবিরতির ফলে বন্দরে অবস্থানরত জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। এতে জাহাজ মালিক, এজেন্ট ও আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে লক্ষ্মীপুরের বাতিরশাইলে লাইটার জাহাজ এমভি কর্ণফুলী-৫ এর নিখোঁজ সাত শ্রমিকের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।

নিহত নূর নেওয়াজ ছিলেন জাহাজটির চালক। সোমবার সকালে মেঘনা নদীতে তার লাশ ভেসে ওঠে।

গত শুক্রবার এমভি কর্ণফুলী-৫ চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে সার নিয়ে বাঘাবাড়ী যাচ্ছিল। শনিবার ভোররাতে রামগতি উপজেলার বাতিরখাল মাছঘাটের অদূরে মেঘনা নদীতে আরেকটি মালবাহী জাহাজকে ধাক্কা দিলে খবর পেয়ে সেখানে পুলিশ যায়।

এরপর কর্ণফুলীর তালাবন্ধ একটি কেবিন থেকে মো. পারভেজ, মাহবুব হোসেন ও জাহিদুল ইসলাম নামে তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। জাহাজে পাওয়া যায় রক্তমাখা লোহার রেঞ্জ।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে জাহাজ শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে এবং কর্ণফুলী-৫ এ ডাকাতি হয়েছে দাবি করে নৌপথে চাঁদাবাজি ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় তারা।

তাদের অভিযোগ, লক্ষ্মীপুরে কমলগগর থানার বাতির শাইল এলাকায় পৌঁছালে জাহাজটি ডাকাতের কবলে পড়ে। এ সময় লাইটারেজে থাকা ১০ শ্রমিকের মধ্যে তিন জনকে কেবিনে আটকে রাখে ডাকাতরা। বাকি সাত শ্রমিক নিখোঁজ বলেও তারা দাবি করেন।

এদিকে জাহাজটির চার্টার মালিক আব্দুস সালাম জাহিদ রোববার পাঁচ জনকে আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন। এতে জাহাজের গ্রিজার পারভেজ, লস্কর টিটু, শামীম, বাবুর্চি (অজ্ঞাত) ও টিটুর এক  অতিথিকে আসামি করা হয়।

কর্ণফুলীতে অপহরণ বা ডাকাতির ঘটনা ঘটেনি দাবি করে কমলনগর থানার ওসি হুমায়ুন কবির রোববার বলেন, সার পাচার করা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কয়েকজন নিখোঁজ রয়েছেন।