ছাত্রলীগের একাংশের অবরোধে চবির বাস-ট্রেন বন্ধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির এক নেতাকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও বাস চলাচলে বাধা দিচ্ছে সরকারসমর্থক সংগঠনটির একাংশের কর্মীরা।
সোমবার সকাল থেকেই তারা ষোলশহরের স্টেশন এলাকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছাড়ার স্থানগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
চট্টগ্রাম জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে রোববার রাত পৌনে ৯টার ট্রেন ক্যাম্পাসে যেতে দেয়নি ছাত্ররা। সোমবারও তারা বাধা দিচ্ছে।”
পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকবাস এবং মিনিবাসগুলোও ক্যাম্পাসের দিকে যেতে দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।
ফাইল ছবি
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র সাইফুল ইসলাম রাসেল ও মিঠুন চৌধুরীকে মারধর করে ছাত্রলীগের অন্য একটি অংশের কর্মীরা।
পিটুনির শিকার রাসেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সম্পাদক ছিলেন।
ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শাহরিদ শুভ ও চারুকলার ছাত্র জোবায়ের হোসেনিকে সাময়িক বহিষ্কার করে। পাশাপাশি তাদের সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি অমিত কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাসেলসহ দুজনকে মারধরের ঘটনায় জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণাসহ ছয় দফা দাবিতে আমরা অবরোধ করছি।”
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও উল্লেখ করেন তিনি।
