নারায়ণগঞ্জে পুকুর ভরাট বন্ধে পদক্ষেপের নির্দেশ
কাঁচপুর ব্রিজের পাশে একটি পুকুর দখল ও ভরাটকারীদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আইনগত পদক্ষেপ নিতে বলেছে হাই কোর্ট, যেখানে অভিযোগের আঙুল উঠেছে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনের শ্যালকের বিরুদ্ধে।
একটি রিটের শুনানি করে রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়।
পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে পুকুর ভরাট বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত।
জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একইসঙ্গে জলাশয়টি রক্ষায় কেন পদক্ষেপ নেওয়া হবে না এবং ভরাটকৃত মাটি অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।
ফাইল ছবি
‘সরকারি পুকুর ভরাট করছেন ছাত্রলীগ নেতা’ শিরোনামে গত ২৪ অক্টোবর একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এই রিট দায়ের করেন।
রিটের বাদী আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী।
ওই প্রতিবেদনে বলা হয়, ৫ বিঘা আয়তন ও প্রায় ২০ কোটি টাকা মূল্যের পুকুরটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। এটিসহ সেখানকার ৫টি পুকুর আগে নুর হোসেনের দখলে ছিল। তিনি সেখানে মাছ চাষ করতেন।
গত মাসে নুর হোসেনের শ্যালক নূরে আলম খান কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীতে খননযন্ত্র বসিয়ে বালু দিয়ে ভরাট করে পাঁচ বিঘা আয়তনের পুকুরটির দখল নিতে শুরু করেন বলে প্রতিবেদনে বলা হয়।
নূরে আলম সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
