২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন রাষ্ট্রদূতের বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ভারতসহ সার্কভুক্ত তিন দেশের রাষ্ট্রদূত বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 08:42 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

রোবার দুপুরে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, ভুটানের রাষ্ট্রদূত পেমা চোদেন ও নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা রোববার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পৌঁছেন।

সড়ক পথে চারদিনের সফরে ঢাকা থেকে ভারত, ভুটান ও নেপাল সফরের প্রথম দিনে বাংলাদের সীমান্ত অতিক্রম করেন তারা।

এর আগে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের হলরুমে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা, স্থলবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূতরা। 

মতবিনিময়ে পঙ্কজ শরণ বলেন, আমদানি-রপ্তানিকারকদের ট্রানজিট সুবিধা দিতে উভয় দেশের সরকার কাজ করছে। ভারতের বিনিয়োগ বাংলাদেশে ধীরে ধীরে বাড়ছে।

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত বলেন, পাসপোর্ট-ভিসার কাজও সহজ করা হবে।

বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভুটানে নিতে কাজ চলছে বলে ব্যবসায়ীদের জানান ভুটানের রাষ্ট্রদূত পেমা চোদেন।

তিনি বলেন, উভয় দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। এ লক্ষ্যে উপ-আঞ্চলিক সড়কপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। শীগগিরেই এসব বিষয় নিয়ে উভয় দেশের সঙ্গে সমঝোতা হবে।

নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা বলেন, নেপাল-বাংলাদেশের সম্পর্ক আরো সমৃদ্ধশালী করতে ‘কানেকটিভি’ তৈরির কাজ চলছে। এর পর বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করবে নেপাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় অনুবিভাগের পরিচালক জাহিদ-উল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের রংপুর কাস্টমস কমিশনারেটের যুগ্ম কমিশনার কামরুজ্জামান, লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজা মোহাম্মদ আব্দুল হাই, আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর ও জাকির সাদেক সওদাগর।

স্থলপথে ভারত, নেপাল ও ভুটানের আন্তঃসংযোগ স্থাপনে বাংলাদেশ আহ্বানে এই তিন দেশের স্থল বন্দরগুলো সফর করবেন রাষ্ট্রদূতরা। রোববার থেকে শুরু হওয়া এই সফর চলবে টানা চারদিন।