ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে চালকদের অবরোধ
পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে শনিবার দুপুরে দেড় ঘণ্টা চট্টগ্রামের প্রবেশমুখ কর্নেলহাটে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
এক ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ তুলে সকাল সাড়ে ১০টার দিকে সড়কে অবস্থান নেয় ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিকরা। তাকে প্রত্যাহার করে নিলে ১২টায় শ্রমিকরাও সড়ক ছাড়ে, শুরু হয় গাড়ি চলাচল।
অবরোধকারীদের অভিযোগ, নুরে আলম নামে ওই ট্রাফিক সার্জেন্ট চাঁদা চেয়ে না পাওয়ায় এক ট্রাকশ্রমিককে মারধর করেন।
মারধরের জের ধরে পরিবহন শ্রমিকরা এই অবরোধ করেন জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বলেন, “অভিযুক্ত সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিক্ষোভরত পরিবহন শ্রমিকদের আশ্বস্ত করা হলে তারা অবরোধ তুলে নেয়।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কর্নেলহাটে এক ট্রাকচালকের কাছে চাঁদা দাবি করেন সার্জেন্ট আলম। তা না দিলে ওই চালককে মারধর করেন তিনি।
এরপর ট্রাক ও কাভার্ড ভ্যানের কয়েকশ’ চালক ও তাদের সহকারীরা মড়কে অবস্থান নেয়। পরে অন্য পরিবহনের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়।
