গোপালগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
গোপালগঞ্জ সদরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চর সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
আটক হিরু মোল্লা (৩২) সদর উপজেলার উরফি গ্রামের মৃত হেমায়েত মোল্লার ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে শহরতলীর সোনাকুড় গ্রামে ভাড়া বাসায় থাকতেন তিনি।
ধর্ষিতাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিশুর মা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশের বাজারে পিঁয়াজ কিনতে যান। এ সময় তার মেয়ে হিরু মোল্লার মেয়ের সঙ্গে খেলতে ঘরের বাইরে আসে।
প্রতিবেশী হিরু মোল্লা তার মেয়েকে ধর্ষণ করেছে অভিযোগ করে তিনি বলেন, মেয়ের চিৎকারে স্থানীয়রা হিরু মোল্লাকে আটক করে পুলিশে দেয়। পরে মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনেন।
সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, “সন্ধ্যায় মেয়ের খেলার সাথী প্রতিবেশী মেয়েটি তাদের বাড়িতে আসলে তাকে ধর্ষণ করে হিরু মোল্লা। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে হিরুকে ধরে পুলিশে হস্তান্তর করে।”
