মাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি মাজারে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ছলিমপুর এলাকার খাজা নূর নবীর মাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম।
নিহত বাবুল চৌধুরী (৪২) নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরের জলিল বিল্ডিং এলাকার বাসিন্দা ছিলেন।
মাজার কমিটির সদস্য খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরশ চলাকালে পানি তোলার জন্য মোটর ছাড়তে গিয়েছিলেন মাজারের খেদমতগার বাবুল। সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।”
পুলিশ ফাঁড়ির ওই কর্মকর্তা বলেন, রাত দেড়টার দিকে বাবুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
