দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কারিগরি শিক্ষার প্রসার চাই: শিক্ষামন্ত্রী
দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে কারিগরি শিক্ষার আরো প্রসার করা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার এখন কারিগরি শিক্ষার দিকে নজর দিতে শুরু করেছে। বর্তমানে শতকরা আট ভাগ কারিগরি শিক্ষাগ্রহণ করছে। এটাকে আগামীতে শতকরা ২০ ভাগ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।
“নতুন আবিষ্কারের দিকে আমাদের এগিয়ে যেতে হবে তা না হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর এজন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই।”
শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সেন্ট্রাল জব প্লেসমেন্ট সেলের সার্বিক ব্যবস্থাপনায় জব প্লেসমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এম এ সাত্তার।
বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমেদ, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়া, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল হক তালুকদার, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি মোকলেছুর রহমান ও প্রকল্প পরিচালক এজেডএম আবদুল্লাহ বাকি।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, “আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি তার বাস্তবায়নে সবার আন্তরিকতা দরকার। যোগ্য, মেধাবী এবং পরিশ্রমীদের দ্বারাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব।
“এ জন্য কারিগরি শিক্ষায় শিক্ষিতদের যোগ্য স্থানে বসাতে হবে এদেশের শিল্প প্রতিষ্ঠানের মালিকদের।”
অনুষ্ঠানে উপস্থিত দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকসহ কর্মকর্তারা কারিগরি শিক্ষায় শিক্ষিতদের তাদের প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
একই সাথে তারা শিল্পায়নভিত্তিক প্রযুক্তি শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানে চালু করার ওপর জোর দেন।
