২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্ঘটনায় চারজনের মৃত্যু

রাজধানীর উত্তরা, বনানী ও খিলক্ষেতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 11:35 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

এদের মধ্যে উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় দুজন, বনানীতে বাসচাপায় একজন এবং খিলক্ষেতে বাসচাপায় একজন নিহত হন।

বিমানবন্দর থানার ওসি শাহআলম জানান, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক হারুন আকন্দ (৫০) ও তার সহযোগী আক্তার (২০) নিহত হন।

তিনি বলেন, “পিকআপ নষ্ট হওয়ায় হারুন  ও আক্তার রাস্তার পাশে গাড়ি রেখে ঠিক করছিলেন। এসময় অকস্মাৎ দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার এই দুইজনকে চাপা দেয়।”

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি জানান, প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

নিহত চালক হারুনের বাড়ি পটুয়াখালীর বাউফলে। ঢাকার দয়াগঞ্জে স্ত্রী- সন্তান নিয়ে থাকতেন তিনি।

এছাড়া সন্ধ্যায় বনানী কবরস্থান এলাকায় বাসচাপায় মাহবুব মারিয়া (২২) নামের এক হিজড়া এবং খিলক্ষেত কুড়িল বিশ্বরোডে বাসচাপায় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক মারা গেছেন।

রাস্তা পার হওয়ার সময় তারা বাসের নিচে চাপা পড়েন বলে পুলিশ জানায়।