২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক

জামায়াতে ইসলামীর হরতালের সময় নাশকতার অভিযোগে ফেনী জেলা জামায়াতের অর্থ সম্পাদকসহ জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 01:56 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত শহরের জামায়াত-শিবির অধ্যুষিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন এবং ছাগলনাইয়া থেকে দুই শিবির কর্মীসহ ১২ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে জামায়াতের রোকন ও জেলা জামায়াতের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াত নেতা ওমর ফারুক, শিবিরকর্মী আবদুল্লাহ সামির, ইকবাল হোসেন, মোহাম্মদ হাসানের নাম জানা গেছে।

তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ফেনী মডেল থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক আজাদ।

তিনি জানান, জামায়াতের ৪৮ ঘণ্টা হরতালে  বৃহস্পতিবার রাতে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের পাঠান বাড়ি মোড় এলাকায় শিবিরকর্মীরা একটি হিউম্যান হলারে আগুন দেয়। এ সময় অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাংচুর করে তারা।

এরপরই পুলিশ নাশকতায় জড়িতদের ধরতে অভিযান চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশ পরিদর্শক আজাদ।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর তিন নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গত সপ্তাহ থেকে পাঁচ দিন হরতাল করেছে দলটি। দল হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।