জোড়া লাগা শিশুর জন্ম
পাবনার আটঘরিয়া উপজেলার এক নারী জোড়া লাগা দুই শিশুর মা হয়েছেন।
রাজশাহী নগরীর একটি ক্লিনিকে মঙ্গলবার রাতে এই শিশু দুটির জন্ম হয়। তাদের মা ইভা খাতুন আটঘরিয়ার গোকুলনগর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।
আরিফুল ইসলাম জানান, পেটের সঙ্গে জোড়া লাগানো শিশু দুটিকে বুধবার বাড়ি নিয়ে আসেন। তবে মা এখনও হাসপাতালে রয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে ইভা খাতুনের প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিকভাবে তাকে পাবনা শহরের গাইনি বিশেষজ্ঞ হাসিনা ওয়াহাবের কাছে নিয়ে যান।
তিনি পরীক্ষা নিরীক্ষার পর রোগীর অবস্থার অবনিত দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী শহরের গাইনি বিশেষজ্ঞ নাজমুন নাহার তারার কাছে পাঠিয়ে দেন।
রোগীকে দেখে জরুরি ভিত্তিতে অপারেশন করার কথা বলে রাজশাহীর পদ্মা ক্লিনিকে ভর্তি করেন নাজমুন নাহার। ওই রাতেই সিজারিয়ানের মাধ্যমে যুক্ত জমজ শিশুর জন্ম হয়।
চিকিৎসকরা জমজ শিশুদের পেট কেটে আলাদা ও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল অথবা ঢাকায় নিতে পরামর্শ দিয়েছেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, বুধবার সকালে শিশু দুটিকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু তাদের মা এখনো রাজশাহীর পদ্মা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
শিশুদের দাদি রোজিনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাচ্চা দুইটির সবকিছুই স্বাভাবিক রয়েছে। খাওয়া-দাওয়াসহ অন্যসব ঠিক আছে। অন্যান্য বাচ্চাদের মতোই কান্নাকাটি করছে। শুধু পেটের চামড়া একসঙ্গে লাগানো।
পাবনা মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ হাসিনা ওয়াহাব বলেন, “ওই রোগীকে দেখে আমি রাজশাহীতে ডা. নাজমুন নাহার তারার কাছে পাঠাই। তিনি আমাকে পরে ফোনে শিশু দুটির বিষয়ে জানিয়েছেন।”
পাবনা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. দিলরুবা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের শিশুর চিকিৎসা আসলে ঢাকায় ছাড়া সম্ভব নয়।
তিনি শিশু দুটিকে বাঁচাতে অভিভাবকদের দ্রুত ঢাকা শিশু হাসপাতাল কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
