যুবলীগের দুইপক্ষ সভা ডাকায় আশুগঞ্জে ১৪৪ ধারা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একই জায়গায় যুবলীগের দুপক্ষ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশ, এপিবিএন ও র্যাব মোতায়েন করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, উপজেলা যুবলীগের নব গঠিত কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকার ও যুগ্ম-আহ্বায়ক শাহিন আলম বকশি বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভা আহ্বান করে সব ইউনিয়ন কমিটিকে চিঠি দেয়। একই সময়ে এবং একই স্থানে পাল্টা সভা আহ্বান করে ইউনিয়ন কমিটিগুলোকে চিঠি দেয় সাবেক কমিটির সহ-সভাপতি মো. মোশারফ মুন্সী ও সাধারণ সম্পাদক মনির সিকদার।
তিনি বলেন, “উভয়পক্ষই একই সময়ে দলীয় কার্যালয়ে বর্ধিত সভার প্রস্তুতি নেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়া। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ জারি করা হয়েছে।”
