২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে ৪১ জন আটক

জামায়াতের হরতালের মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবির কর্মীসহ ৪১ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 10:57 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, বুধবার রাতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর মহানগরের ভোগড়া, চান্দনা চৌরাস্তা, লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“আটক ৪১ জনের মধ্যে ৩৬ জনকেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে আটক করা হয়েছে।”

তবে তাদের কারো নাম পরিচয় জানাননি জয়দেবপুরের ওসি।

এর আগে বুধবার দুপুরে হরতাল চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কভার্ডভ্যানে এবং সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বিআইডিসি সড়কে একটি মিনিবাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালত জামায়াতের তিন নেতার মৃত্যুদণ্ড দেওয়ায় গত বৃহস্পতিবার থেকে মোট পাঁচদিন হরতাল করছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এ দলটি।