২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিপর্যয়ের তদন্তে আরও সময়

সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি আরও সময় নিচ্ছে। ওই প্রতিবেদন পাওয়ার পর তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 11:41 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

জাতীয় গ্রিডে বিপর্যয়ে গত শনিবার প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সারা বাংলাদেশ। ঘটনা তদন্তে সেদিনই সাত সদস্যের কমিটি করা হয়।

ওই কমিটিকে বুধবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা তারা করতে পারেনি।

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পর কমিটির প্রধান, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কায়কাউস আহমেদ সাংবাদিকদের বলেন, তাদের আরও সময় প্রয়োজন।

এরপর প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “যে তথ্যগুলো পাওয়া গেছে তা যাচাই-বাছাই চলছে, তদন্ত কমিটির সদস্যরা এখনও বিভিন্নস্থানে যাচ্ছেন, সময় একদিন বৃদ্ধি করতে পারি।”

প্রতিবেদন পাওয়ার পর পুঙ্খনাপুঙ্খ যাচাই করে তা সবাইর সামনে তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, “এই বিষয়ে কাউকে বিভ্রান্ত করতে চাই না, সঠিক তথ্য উপস্থাপন করতে চাই।

“তদন্ত প্রতিবেদন অবশ্যই প্রকাশ করা হবে, আগের দিনগুলোর মতো রিপোর্ট হারিয়ে যাবে না।”

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা না হওয়াকে ব্যর্থতা বলা যায় কি না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আমেরিকায় এরকম ঘটনায় তদন্ত প্রতিবেদন করতে এক মাস সময় লেগেছিল, ভারতে লেগেছিল ১৫ দিন।”

এই ধরনের বিপর্যয় যেন ভবিষ্যতে না হয়, সেজন্য আগামী এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের পরামর্শক নিয়োগে কার্যপরিধি তৈরি করা হবে বলে জানান তিনি।

এদিকে তদন্ত কমিটির প্রধান কায়কাউস ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদন না দিতে পারলেও অগ্রগতিগুলো বৃহস্পতিবার মন্ত্রণালয়কে জানাবেন তারা।

তদন্ত কমিটি আরো কিছু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবে জানিয়ে তিনি বলেন, কী কারণে গ্রিড বির্পযয়ের ঘটনা ঘটেছে এখনো তা নির্ধারণ করা যায়নি। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য গ্রিড লাইনের কোথায় কী সমস্যা আছে তাও চিহ্নিত করা হচ্ছে।

এছাড়া ২০০৭ সালে গ্রিড বিপর্যয়ের পর মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়েছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই অতিরিক্ত সচিব।

তদন্ত কমিটির সদস্যরা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম, পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমানসহ গ্রিড লাইনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাদের কাছেও বিভিন্ন তথ্য চেয়েছেন।

এর আগে কমিটি কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ উপকেন্দ্রও পরিদর্শন করেন, যেখান থেকে বিপর্যয়ের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হয়।