‘চট্টগ্রাম-রাজশাহী মেডিকেল শিগগির বিশ্ববিদ্যালয় হবে’
চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া স্বল্প সময়ের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিশ্রামাগার ও কার্ডিও ব্লক উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ ব্যাপারে আইনের খসড়া অনুমোদন হয়েছে। তা মন্ত্রিপরিষদ থেকে সংসদে গিয়ে পাশ হলেই কার্যকর হবে।
“বর্তমানে যে ধরনের অবকাঠামো আছে সেখান থেকে যাত্রা শুরু হবে। তারপর এতে নতুন অবকাঠামো এবং ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। যখন অ্যাকাডেমিক স্তর পরিবর্তন হবে তখন ভবনের কাঠামোগুলোও পাল্টে যাবে।”
এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ নাসিম।
বৈঠকে তিনি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালকদের সঙ্গে কথা বলে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খোঁজ-খবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
মন্ত্রী এসময় স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের আমলে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
সম্প্রতি নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা কর্মস্থলে যোগ দিয়েছেন কি না তা জানতে চান তিনি।
বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের এসব বিষয়ে তদারকি করারও অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
বৈঠকে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংসদ শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম, নারী সাংসদ ওয়াসিকা আয়শা খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মীর মাহমুদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
