‘পরীক্ষায় হরতালও মানবতাবিরোধী অপরাধ’
পরীক্ষার সময় হরতাল দিয়ে জামায়াত আবার মানবতাবিরোধী অপরাধ করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জাসদ সভাপতি ইনু বুধবার কুষ্টিয়ায় সাংবাদিকদের বলেন, একাত্তরে প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা গণহত্যা করেছে, সেই জামায়াতে ইসলামী এখন স্বাধীন বাংলাদেশে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকছে।
আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুখ বন্ধ করে, তাদের সমর্থন দিয়ে নব্য রাজাকারের ভূমিকা নিয়েছেন বলে দাবি করেন ইনু।
তথ্যমন্ত্রী বলেন, একাত্তরের মতোই জামায়াত এখনও অমানবিক। তারা বাচ্চাদের হাতজোড় করে করা অনুরোধও উপেক্ষা করে পূর্বনির্ধারিত পরীক্ষার সময় হরতাল দিচ্ছে।
“আমরাও তো আন্দোলন করেছি, পাকিস্তানের পতন ঘটিয়ে দিয়েছি, সামরিক শাসনের উচ্ছেদ করেছি। এরশাদ, জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনও আমরা পরীক্ষার সময় হরতাল দিইনি।
“আর এখন পরীক্ষার সময় হরতাল দিয়ে শিক্ষার্থীদের বিপর্যয় ঘটাচ্ছে তারা। এর মাধ্যমে তারা আরেকটি মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করছে।”
এটা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, “সূতরাং জামায়াতকে নিষিদ্ধের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সেদিকেই এগুচ্ছে।”
দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী।
এ সময় দৌলতপুর আসনের সংসদ সদস্য রোজাউল হক চৌধুরী, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
