২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নেন ইব্রাহিম: পুলিশ

গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ‘অপারেশন কমান্ডার’ মো. ইব্রাহিম পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে মঙ্গলবার রাতে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইদুর রহমান জানান।

বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “গত বছর পাকিস্তানের এক গোপন আস্তানায় তিন মাসের ‘অ্যাটাক অন সফট অ্যান্ড হার্ড টার্গেট’ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন ইব্রাহিম।”

গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ‘সফট অ্যাটাক’ বলতে কোনো বাস টার্মিনাল, রেলস্টেশন, মেলা কিংবা জনসমাগমস্থলে বোমা হামলা বোঝায়। এ ধরনের হামলায় ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি।

আর ‘হার্ড অ্যাটাক’ বলতে বোঝানো হয়, কোনো বড় স্থাপনা বা জনগুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর হামলা। এর উদাহরণ হিসেবে থানায় হামলার কথা বলেন গোয়েন্দারা।

এই দুই বিষয়ে পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়ার পর ইব্রাহিম দেশে ফিরে হুজির ‘অপরাশেন শাখার প্রধান’র দায়িত্ব পালন করছিলেন বলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর (পূর্ব) জানান।

পাকিস্তানে যাওয়ার আগে আরো কয়েকজনের সঙ্গে ইব্রাহিম চট্টগ্রাম বিভাগের এক জেলার একটি মাদ্রাসায় সাতদিনের শারীরিক প্রশিক্ষণে অংশ নেন বলেও জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

গত ২৪ ও ২৫ অক্টোবর রাজধানীর উত্তরা, টিকাটুলি ও নারায়ণগঞ্জ থেকে বিস্ফোরক, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জামসহ হরকাতুল জিহাদের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত শনিবার পোস্তগোলা সেতু এলাকা থেকে মো. আবদুল্লাহ, মো. রিদওয়ান ও মো. সাইফুল ইসলাম নামে তিন হুজি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে প্রথম দুইজন জঙ্গি প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্য এবং আটক হুজি নেতা মাওলানা রফিকের কম্পিউটারের হার্ডডিস্ক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইব্রাহিমকে ধরা হয় বলে পুলিশ কর্মকর্তা মনিরুল জানান।

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে জঙ্গিদের আটকের সময় বিস্ফোরক তৈরির দুটি ‘ল্যাবরেটরির’ সন্ধান পাওয়ার কথা জানিয়েছিলেন গোয়েন্দারা।

সেইদিন আটক হুজি সদস্য উমর ওরফে রবি একটি ‘ল্যাবরেটরিতে’ কেমিস্ট হিসেবে কাজ করতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সেখানে বোমা তৈরির পাশাপাশি পিস্তল, রিভলবারসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরির পরিকল্পনা হয়েছিল জানিয়ে মনিরুল ইসলাম বলেন, “ওই পরিকল্পনা বাস্তবায়ন এবং পুরো কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করতেন ইব্রাহিম।

“কারণ এ ধরনের অস্ত্র বানানোরও প্রশিক্ষণ ছিল তার।”

পুলিশের হাতে ধরা না পড়লে আগামী কয়েক মাসের মধ্যে তাদের দেশে বড় ধরনের নাশকতা ঘটানোর আশঙ্কা ছিল বলে ব্রিফিংয়ে জানান গোয়েন্দা কর্মকর্তারা।

সম্প্রতি আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ভিডিও বার্তা এবং ইরাক-সিরিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আইএসের ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণায় হুজি সদস্যরা কথিত ‘জিহাদে’ অংশ নিতে অনুপ্রাণিত হয় বলেও গোয়েন্দারা জানান।